ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন মোহাম্মদ সিরাজ। ভারতের এই পেসার লর্ডস টেস্টের খলনায়ক থেকে হয়ে উঠেছিলেন রোমাঞ্চকর ওভাল টেস্ট জয়ের নায়ক। তার সৌজন্যেই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ড্র করে এসেছে ভারত। কিন্তু সিরাজের এই শক্তিশালী শরীরের রহস্য কী?
ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন মনে করেন, সিরাজের এই সাফল্যের পেছনে অন্যতম কারণ নাল্লি গোশত বিরিয়ানি ও পায়া। হায়দরাবাদের এই বিখ্যাত খাবারটি সিরাজের বেশ পছন্দ। এটি খাওয়ার কারণেই নাকি তার পায়ের পেশি মজবুত হয়েছে! যদিও সিরাজের ভাই সম্প্রতি বলেছিলেন যে, নিজের ফিটনেস ঠিক রাখতে সিরাজ বিরিয়ানি থেকে শুরু করে সকল ফাস্ট ফুড বর্জন করেছিলেন।
সিরাজ ও আজহারউদ্দিন দুজনই হায়দরাবাদের সন্তান। সম্প্রতি এক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। অনুষ্ঠানের ফাঁকে ‘মিড-ডে’কে দেওয়া সাক্ষাৎকারে আজহারউদ্দিন বলেন, ‘সিরাজ অসাধারণ খেলেছে। নাল্লি গোশত বিরিয়ানি আর পায়ার জন্যই সে একটি শক্তিশালী শরীর, বিশেষ করে তার পায়ের পেশি তৈরি করতে পেরেছে। প্রচুর উদ্যম ও শক্তি দেখিয়েছে। সিরিজজুড়ে তার মধ্যে ভারতের জন্য ভালো কিছু করার ও পারফর্ম করার ক্ষুধা ছিল।’
ইংল্যান্ড সফরের পাঁচ টেস্টে ১৮৫.৩ ওভার বোলিং করেছিলেন সিরাজ, যা বিস্মিত করেছে গোটা ক্রিকেটবিশ্বকে। ওভাল টেস্টে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান অ্যাটকিনসনকে বোল্ড করা ঘণ্টায় ১৪৩ কিলোমিটার গতির ইয়র্কারটির উদাহরণ টেনে আজহারউদ্দিন বলেন, ‘তার শেষ ডেলিভারিটি ফিটনেস এবং শক্তির অসাধারণ এক মেলবন্ধন, যা তাকে একজন সুপারস্টারে পরিণত করেছে। ওভালের সেই স্পেলটি ছিল অবিশ্বাস্য। যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে সে প্রশংসনীয়ভাবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। নিঃসন্দেহে সে ভারতীয় ক্রিকেটের নতুন সুপারস্টার। তাকে এখন বিনয়ী থাকতে হবে এবং ফিটনেসের ওপর কাজ করে যেতে হবে।’
হামজার চোখ ধাঁধানো গোলের ম্যাচে লেস্টারের বিদায়ঘণ্টা