এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য জাতীয় দলের ক্রিকেটাররা ক্যাম্প শুরু করলেও তাতে যোগ দেননি ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয়। যে কারণে কিছু সংবাদ মাধ্যম খবর প্রচার করেছে, চুল পড়া সমস্যার চিকিৎসা নিতে তুরস্কে গেছেন তিনি। সেখান থেকে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। সম্প্রতি লন্ডন গিয়েছিলেন হৃদয়।
আজ ফেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়ে হৃদয় জানিয়েছেন, তিনি ইংল্যান্ড বা তুরস্কে নয় সিরাজগঞ্জের এনায়েতপুরে আছেন মায়ের চিকিৎসার জন্য। পোস্টে লিখেছেন, তার মা ক্যান্সার আক্রান্ত। হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন। বিরক্তি নিয়ে বলেছেন, যে কারণে তিনি অনেকে ফোন দিলেও ধরতে পারছেন না।
গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লন্ডন ভ্রমণের কিছু ছবি পোস্ট করেছিলেন। সেখান থেকে তিনি যে দেশে ফিরেছেন তা নিশ্চিত হওয়া গেছে তার লেখায়, ‘দেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এতো ফোন', লিখেছেন হৃদয়।
বিরক্তির সুরে হৃদয় লিখেছেন, 'ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানুষিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’