ফুলপুরে পুকুর থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে পুকুর থেকে খলিলুর রহমান নিকেল (৪৫) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলোকদিয়া গ্রামের মাদ্রাসা সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খলিলুর রহমান নিকেল একই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, নিকেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। গত ৫ মাস আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। বুধবার দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে রাতে পুকুরের পাশ দিয়ে কয়েকজন হেঁটে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় রাতেই পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।