মাদারীপুরে ভ্যান চালক হত্যা মামলায় গ্রেপ্তার ২

মাদারীপুরের রাজৈর উপজেলার অটো ভ্যান চালক আকাশ আকন (১৮) হত্যা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজৈর উপজেলার সুন্ধিকুড়ি গ্রামের কামরুল কাজীর ছেলে আবু বক্কর কাজী (২৮), নয়াকান্দি গ্রামের মৃত বারেক শেখের ছেলে মো. হায়দার শেখ (৪০)। এ সময় নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ব্যাটারিচালিত অটো ভ্যান উদ্ধার করা হয়।  

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, গত ২৯ জুলাই আকাশ কাজের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন। পরের দিন ৩০ জুলাই নয়ানগর মাঝকান্দি গ্রামের মোতালেব মোল্লার বসত ঘরের পূর্বপাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। 

এ হত্যাকাণ্ডের পর থেকে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান স্যারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ) জাহাঙ্গীর আলমের সার্বিক নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে রাজৈর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত আসামি হায়দার শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থাকা মৃত আকাশের ব্যবহৃত সিমফোনি মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। 

পরবর্তীতে হায়দার শেখের দেওয়া তথ্য মতে ঘটনার সঙ্গে জড়িত আসামি মো. আবু বক্করকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আবু বক্করকে জিজ্ঞাসাবাদে এবং তার প্রদত্ত তথ্য মতে রাজৈর থানাধীন হৃদয়নন্দি সাকিনস্থ জনৈক এমদাদুল ফকির এর গ্যারেজ হতে মৃত আকাশ আকনের ব্যাটারী চালিত অটো ভ্যানটি উদ্ধার করা হয়। 

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রাতের বেলায় ফাঁকা রাস্তায় অটোরিকশা বা ভ্যান চালকদের হাত-পা বেঁধে ছিনতাই করে, আর কখনো কখনো হত্যা করতেও দ্বিধা করে না। নেশার টাকা জোগাড় করতেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।