মেহেদীর রঙ শেষ না হতেই ঘরে ঝুলছিল নববধূর মরদেহ

হাতের মেহেদীর রঙ শেষ হতে না হতেই জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বামী রোমান মিয়ার ঘর থেকে মিলি আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে পৌর এলাকার মেষেরচর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

নিহত মিলি আক্তার বকশীগঞ্জ পৌর শহরের মেষেরচর পশ্চিমপাড়া এলাকার রোমান মিয়ার স্ত্রী ও কাগমারী পাড়া এলাকার ফকির আলীর মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ দিন আগে পৌর কাগমারী পাড়া এলাকার ফকির আলীর মেয়ে মিলি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী মেষেরচর
পশ্চিম পাড়া এলাকার রুস্তম আলীর ছেলের বিয়ে হয়। বুধবার (১৩ আগস্ট) মিলির স্বামী রোমান মিয়া স্থানীয় একটি বাজারে যায়। রাত সাড়ে ১১টার দিকে রোমান বাজার থেকে বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে নিজের ঘরে ঢুকে স্ত্রীকে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার করেন। 

মিলির চাচা মিলন মিয়া জানান, পরিকল্পিতভাবে মিলিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা হত্যাকারীর বিচার চাই। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।