বগুড়ার শাজাহানপুরে একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা শাকিল মাহমুদ ওরফে ভূমিদস্যু শাকিলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মফিজ পাগলার মোড় এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাজাহানপুর পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে শাকিল মাহমুদ সাধারণ মানুষের জমি জবরদখল, জাল দলিল তৈরি, চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি এসব মামলার কারণে পলাতক ছিলেন।
শাজাহানপুরের ভুক্তভোগী আব্দুর রউফ জানান, শাকিল ছিল ভূমি দস্যু, আওয়ামী লীগের ক্যাডার। শাজাহানপুর থানার স্বেচ্ছাসেবক লীগের নুরুজ্জামানের সহযোগী হয়ে সাধারণ মানুষের উপর জুলুম-নির্যাতন চালাতো। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি শাকিলের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, সরকারি কাজে বাধা দেওয়া, ভাঙচুর ও চুরিসহ মোট ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।