অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি ক্রিকেটের আয়োজনে হওয়া টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের এবারের আসরটা বড় ব্যবধানের হার দিয়ে শুরু করতে হলো গতবারের রানার্সআপ বাংলাদেশকে। ডারউইনের মারারা স্টেডিয়ামে পাকিস্তান শাহিনসের কাছে গতকাল বাংলাদেশ ‘এ’ হেরে গেছে ৭৯ রানের ব্যবধানে।
আসর শুরুর এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বিস্ফোরক সূচনা করে পাকিস্তান শাহিনস। উদ্বোধনী জুটিতে বিপিএল খেলে যাওয়া খাজা নাফের সঙ্গে আরেক ওপেনার ইয়াসির খান ১১৮ রানের জুটি গড়েন মাত্র ৬৭ বলে। রানআউট হওয়ার আগে ৩১ বলে ৬১ রান করেন নাফে। পরের উইকেট হিসেবে বিদায়ের আগে ইয়াসির করেন ৪০ বলে ৬২ রান। বাকি ওভারগুলোতেও রানের বন্যা অব্যাহত রাখেন তিনে নামা সৈয়দ মোহাম্মদ আবদুল সামাদ। ২৭ বলে ৫ ছক্কায় ৫৬ রানে অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক ইরফান খান ১২ বলে করেন ২৫ রান। তাতে ৪ উইকেটে ২২৭ রানের বিশাল পুঁজি পায় শাহিনস। একটি করে উইকেট পান হাসান মাহমুদ, মাহফুজুর রহমান রাব্বী ও রাকিবুল হাসান।
বিশাল লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই বাংলাদেশ ধাক্কা খায় নাঈম শেখের উইকেট হারিয়ে। তারপরও রানের চাকা সচল রাখেন জিশান আলম ও সাইফ হাসান মিলে। ১৭ বলে ৩৩ রান করে থামেন জিশান। তবে সাইফ তুলে নেন ফিফটি। ৫ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ১১.২ ওভারে বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ১১৫। এরপরই ধস নামে ব্যাটিংয়ে। ৩৩ রানের মধ্যে বাংলাদেশ হারায় ৭ উইকেট। ১৬.৫ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যাওয়া ইনিংসের সুবাদে আসে লজ্জার এ হার। মাঝে অধিনায়ক নুরুল হাসান সোহান শুধু দেখা পান দুই অঙ্কের। করেন ২ চারে ১৬ বলে ২২ রান। তিনটি করে উইকেট নেন ফয়সাল আকরাম ও চৌধুরী সাদ মাসুদ। মোহাম্মদ ওয়াসিম পান দুই উইকেট। আসরে বাংলাদেশে পরের ম্যাচ ডিএক্সসি অ্যারেনাতে নেপালের বিপক্ষে, আগামীকাল বিকেল সাড়ে ৩টায়।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান শাহিনস : ২০ ওভারে ২২৭/৪ (নাফে ৬১, ইয়াসির ৬২, সামাদ ৫৬*; রকিবুল ১/৪৩, হাসান ১/৩৪) বাংলাদেশ ‘এ’: ১৬.৫ ওভারে ১৪৮ (সাইফ ৫৭, জিসান ৩৩; আকরাম ৩/১৯, মাসুদ ৩/৩০)।
ফল : পাকিস্তান শাহিনস ৭৯ রানে জয়ী।