৪
যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় ব্যবসায়ীকে মাটিতে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার সহযোগী চলিশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তুহিনকেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসাদুজ্জামান জনি নওয়াপাড়া বাজার গরুহাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের ছেলে। আর সাবেক ইউপি সদস্য তুহিন অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে।
অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল বৃহস্পতিবার ভোরে খুলনায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে জনি পুলিশি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আরও কিছু মাদক ও চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে জনির বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।