আম্পায়ারের সঙ্গে তর্ক করে শাস্তির মুখে আলকারাজ

সিনসিনাতি ওপেনে ম্যাচ চলাকালীন বিতর্কে জড়িয়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। টুর্নামেন্টের শেষ ষোলোয় লুকা নার্ডির বিপক্ষে খেলতে গিয়ে তিনি চেয়ার আম্পায়ার গ্রেগ অ্যালেন্সওয়ার্থের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং টুর্নামেন্টের নিয়মও ভঙ্গ করেন। এর দায়ে তাকে শাস্তি পেতে হতে পারে।

ম্যাচের প্রথম সেট চলাকালীন আম্পায়ার আলকারাজকে তার পানির বোতলে থাকা লোগো ঢেকে ফেলার নির্দেশ দেন। আয়োজক ও স্পনসরের চুক্তি অনুযায়ী কোর্টে অন্য প্রতিষ্ঠানের লোগো প্রদর্শন নিষিদ্ধ। এ সময় আলকারাজ ক্ষোভ প্রকাশ করে জানান, ‘আমার কোনো দোষ নেই, এটা আপনাদের দায়িত্ব। আমি লোগো ঢাকব না।’ আম্পায়ারের নির্দেশ অমান্য করেই তিনি খেলা চালিয়ে যান।

এই ঘটনায় এখন পর্যন্ত আয়োজকেরা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে জানা গেছে, নিয়ম ভঙ্গ ও আম্পায়ারের সঙ্গে তর্কের অভিযোগে বিশ্বের দুই নম্বর এই টেনিস তারকার জরিমানা বা শাস্তি হতে পারে। ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্ন এড়িয়েও যান আলকারাজ। অবশ্য এই বিতর্ক তার পারফরম্যান্সে প্রভাব ফেলেনি। স্ট্রেট সেটে ৬-১, ৬-৪ ব্যবধানে জয় পেয়ে তিনি কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন।