টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার হরিপুর উত্তর চামুরিয়ার চরপাড়া এলাকায় ঝিনাই নদী থেকে সুমন চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। নিহত সুমন চন্দ্র দাস ওই এলাকার কালী প্রদ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সুমন বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরেনি। এ সময় নদীর ধারে তার জামা কাপড় দেখতে পাওয়া যায়। পরে শুক্রবার (১৫ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দিলে কালিহাতী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে সকালে তার মরদেহ উদ্ধার করে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে ডুবে মারা গেছেন কারণ হিসেবে তার বাবা ও ভাই এবং এলাকাবাসী বলছে তিনি মৃগী রোগী ছিলেন। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।