বোয়ালমারীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে ডাকাতি

ফরিদপুরের বোয়ালমারীতে এক সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে এক কলেজ ছাত্রী মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের ছোট কামার গ্রামের চিত্তরঞ্জন সাহার বাড়িতে। 

জানা যায়, আজ শুক্রবার সকালে অস্ত্রের মুখে জিম্মি করে চিত্তরঞ্জন সাহার স্ত্রী মল্লিকা রাণী সাহার ঘরে প্রবেশ করে। পরে ডাকাতদল তাকে বেঁধে মারধর শুরু করলে তার মাস্টার্স পড়ুয়া মেয়ে তাপসী সাহা এগিয়ে এসে বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তার চোখ বেঁধে ফেলে। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তাপসী সাহার বাম হাতের রগ কেটে যাওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

মল্লিকা রাণী সাহা জানান, সম্প্রতি আমার ছোট মেয়ে তাপসী সাহার বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত ডাকাতদল এ বিষয়টি অবগত। মেয়ের বিয়ের জন্য গচ্ছিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা কোথায় রেখেছি তা জানার জন্য ডাকাতেরা আমাদেরকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা প্রতিটি কক্ষে থাকা আলমারি, বাক্স ও অন্যান্য আসবাবপত্র উলটপালট ও ভাংচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। 

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।