নির্বাচন নিয়ে দেশ-বিদেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৪:৫৯ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ-বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষ ২০০১ সালের পরে আর কখনও ভোট দিতে পারেনি। পরবর্তী প্রতিটি নির্বাচনেই ভোটের নামে প্রহসন করেছে আওয়ামী লীগ। সাধারণ মানুষকে কখনো তারা ভোট কেন্দ্রে যাওয়ারই সুযোগ দেয়নি। দেশের মানুষ তাই একটা নির্বাচন চায়, সুষ্ঠু, সুন্দরভাবে ভোট দিতে চায়।
 
আজ শুক্রবার দুলুর পিতা ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ৬বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
দুলু বলেন, এতদিন ১৫ আগস্ট একমাত্র শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছাড়া কারও মৃত্যুবার্ষিকী বা জন্মদিন পালনের সুযোগ ছিল না। যার জন্য চাইলেও বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পারেনি। নিজের পিতার জন্ম তারিখ ১৫ আগস্ট হওয়ায় দুলুও পিতার জন্মদিন উৎযাপন করতে পারেনি।
 
তিনি আরও বলেন, তিনি এমপি-মন্ত্রী হয়ে সরকারের টাকায় নাটোরের উন্নয়ন করলেও আমার বাবা ডা. নাসির উদ্দীন তালুকদার নিজের পকেটের টাকায় নাটোরের উন্নয়ন করেছেন। নাটোর মুসলিম ইন্সটিটিউট, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ও শীষ চন্দ্র বিদ্যা নিকেতন স্থাপনে তার পিতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পিতার এসব ভালো কাজের ফল স্বরূপ নাটোরের মানুষ তাকে বার বার এমপি নির্বাচিত করেছেন।
 
দুলুর নিজ গ্রাম নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুর জামে মসজিদ চত্বরে আয়োজিত দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগর, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ। 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত