গাজীপুরের শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দুস্থ-অসহায় প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করে বিএনপি। শুক্রবার উপজেলার বরমী ইউনিয়নের দূর্লভপুর মধ্যপাড়া ফ্যাক্টরিসংলগ্ন মাঠে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পড়ানো হয়।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় বিএনপি এ সব বস্ত্র বিতরণের আয়োজন করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব বস্ত্র বিতরণ করেন।
দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল আকন্দ রনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোক্তারুল করিম মোড়ল শামীম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান প্রমুখ।