বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ

জামালপুরে জেলা বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের একটি অংশের নেতা-কর্মীরা।

শনিবার (১৬ আগস্ট) সকালে পৌর শহরের বকুলতলা চত্বরে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদের সভাপত্বিতে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণ চন্দ্র মন্ডলসহ অনেকেই।

এ সময় বক্তরা বলেন, জেলা বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটি। আগামী ২৩ আগস্ট অবৈধ কমিটির মাধ্যমে সম্মেলন করা জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। তৃণমূল বিএনপি’র নেতা-কর্মীরা এই সম্মেলন মানেন না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলের নেতা-কর্মীদের গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়ার দাবি জানান তারা। এ দাবি না মানা হলে সম্মেলন প্রতিহত করার হুশিয়ারী দেন বক্তরা।

পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আগামী ২৩ আগস্টের সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সমাপনী বক্তব্য দেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ।

এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে কথা বলতে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।