অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে নেপালের বিপক্ষে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ ‘এ’। ইনিংসের শুরু থেকে জিশান আলমের ব্যাটে ওঠা ঝড়টি শেষ পর্যন্ত ধরে রাখেন আফিফ হোসেন ধ্রুব। তাতেই এ পুঁজি পায় বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ৬০ রান এলেও এতে অবদান জিশানের। তার সঙ্গী নাঈম শেখ করেন ১৮ বলে ২৫ রান। তবে জিশান ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন মাত্র ৪৫ বলে। হাঁকান ৪ চারের সঙ্গে ৫টি ছক্কা। দলের ১০৯ রানে তিনি ফিরলে ক্রিজে আসেন আফিফ।
ইনিংসে কোনো ছক্কা না মারলেও ৯ বার বল বাউন্ডারি ছাড়া করেন আফিফ। তাতে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৩ বলে ৪৮ রানের ইনিংস উপহার দেন তিনি। এছাড়া ১১ রানে রান আউট হন আগের ম্যাচে ফিফটি করা সাইফ হাসান। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৮৩ রান।