চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যৌথ বাহিনীর চেকপোস্টে ১ হাজার ৯৭৬ পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী আটক হয়েছেন। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক দুইজন হলেন—কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মো. মুসা (৩০) এবং একই জেলার টেকনাফ উপজেলার ইমাম হোসেন (৩৪)।
কর্ণফুলীর মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চেকপোস্টে মোটরসাইকেলটি সন্দেহজনক হওয়ায় তাদের থামাতে সিগন্যাল দেওয়া হয়। এ সময় তারা সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কৌশলে তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৯৭৬ পিস ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, যৌথ অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।