এক ওভারে ১৪ রান দেওয়া সাকিব ব্যাট হাতে করলেন ১৩

আবারও ব্যাটে-বলে ব্যর্থ সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরুর দুই ম্যাচেই তার পারফরম্যান্স ছিল বিবর্ণ। তবে বাংলাদেশী অল-রাউন্ডারের ব্যক্তিগত হতাশার মাঝেও বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে জয়ের দেখা পেয়েছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

বাংলাদেশ সময় রবিবার সকালে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫১ রান করে বার্বাডোজ। জবাবে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই ম্যাচেও বোলিংয়ে খুব একটা সুযোগ পাননি সাকিব। ইনিংসের ১৫তম ওভারে হাত ঘোরানোর সুযোগ পেয়ে দেন ১৪ রান। তার ওভারেই এক চার ও এক ছক্কায় চাপে পড়ে ফ্যালকনস। এরপর আর বোলিং পাননি তিনি।

ব্যাট হাতেও ব্যর্থ হন বাংলাদেশের অভিজ্ঞ অল-রাউন্ডার। একবার জীবন পেয়েও পারেননি ইনিংস বড় করতে। ১৩ বলে করেন মাত্র ১৩ রান। মুজিব উর রাহমানের বলে বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন।

বার্বাডোজের পক্ষে ওপেনার কুইন্টন ডি কক করেন ৫৭ রান, অধিনায়ক রোভম্যান পাওয়েল অপরাজিত থাকেন ২৪ বলে ৫১ রান করে। ফ্যালকনসের হয়ে দুটি করে উইকেট নেন জেইডেন সিলস ও ওবেড ম্যাককয়।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফ্যালকনস কিছুটা চাপে পড়ে। তবে শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ৫৩ বলে ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন যুক্তরাষ্ট্রের ব্যাটার কারিমা গোরে। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৪টি চারের মার।

ম্যাচের মোড় ঘুরে যায় ১৮তম ওভারে, ইথান বশকে টানা দুই বলে ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করেন গোরে। শেষ দিকে ফ্যাবিয়ান অ্যালেনের ছক্কায় দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় ফ্যালকনস। ম্যাচসেরা হন কারিমা গোরে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার জন্য অপেক্ষায় থাকা সাকিবের সামনে পরবর্তী সুযেগ আগামীকাল সোমবার, বাংলাদেশ সময় ভোর ৫টায় অ্যান্টিগার পরবর্তী ম্যাচে। তার বর্তমান উইকেটসংখ্যা ৪৯৮টি।