বাইসাইকেল কিকে বিশ্বকাপকে মনে করালেন ব্রাজিলের রিচার্লিসন

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুতেই ঝলক দেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। শনিবার বার্নলির বিপক্ষে টটেনহ্যামের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন তিনি। এর মধ্যে বাইসাইকেল কিক থেকে করা গোলটি ফিরিয়ে এনেছে কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় মুহূর্তের স্মৃতি, যখন সার্বিয়ার বিপক্ষে একই ভঙ্গিতে গোল করেছিলেন তিনি।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখায় টমাস ফ্র্যাঙ্কের শিষ্যরা। ১০ মিনিটের মাথায় প্রথম গোল করেন রিচার্লিসন। তবে দর্শক মাতেন দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তার দুর্দান্ত বাইসাইকেল কিকে। ঘানার মোহাম্মদ কুদুসের নিখুঁত ক্রস থেকে পিরুয়েট ভলিতে গোল করে হাততালিতে ভাসান ২৮ বছর বয়সী এই তারকা।

রক্ষণভাগে অধিনায়ক ক্রিশ্চিয়ান কুটি রোমেরোর নেতৃত্বে টটেনহ্যাম পুরো ম্যাচে ছিল দৃঢ়। শেষদিকে আরেকটি আক্রমণ থেকে রিচার্লিসন ফাউলের শিকার হলেও খেলা চলতে থাকে অ্যাডভান্টেজে। সেই সুযোগ কাজে লাগিয়ে পাপে মাতার সার বল বাড়ান ব্রেনান জনসনের উদ্দেশে। জনসনের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দাঁড়ায় ৩-০ তে।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ৪ গোল করেছিলেন রিচার্লিসন। এবারের শুরুটা তাই তার জন্য একদমই অন্যরকম। বিশ্বকাপের স্মৃতিময় বাইসাইকেল কিক ফিরিয়ে এনে তিনি যেন জানিয়ে দিলেন—এ মৌসুমে স্পার্সদের ভরসার নাম হতে চলেছেন তিনি।

আগামী শনিবার (২৩ আগস্ট) টটেনহ্যাম মুখোমুখি হবে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির, ইতিহাদ স্টেডিয়ামে।