ইনজুরি থেকে ফিরেই মেসির গোল; জিতল মায়ামি

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:০৯ পিএম

চোট কাটিয়ে মাঠে ফিরেই চেনা রূপে ফিরলেন লিওনেল মেসি। গোল করেছেন, করিয়েছেনও একটিতে। তার অসাধারণ পারফরম্যান্সে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে এটি হাভিয়ের মাশ্চেরানোর দলের দারুণ একটি জয়।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মঙ্গলবার ভোরে (বাংলাদেশ সময়) হওয়া ম্যাচে প্রথমার্ধেই এগিয়ে যায় মায়ামি। ৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে জালে বল পাঠান জর্ডি আলবা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে গ্যালাক্সি। ৫৯ মিনিটে ইশাইয়া প্যারেন্টের অ্যাসিস্টে গোল করেন জোসেফ পেইন্টসিল। এরপর কিছুক্ষণ দুই দলই সমতায় থেকে লড়াই করে।

তবে ম্যাচের ৮৪ মিনিটে ফের মায়ামিকে এগিয়ে দেন লিওনেল মেসি। সতীর্থ রদ্রিগো ডি পলের পাসে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর ৮৯ মিনিটে মেসির থ্রু পাসে গোল করেন লুইস সুয়ারেজ। চোটের কারণে আগের তিনটি ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে ফেরার ম্যাচেই তার প্রভাব আবারও চোখে পড়েছে স্পষ্টভাবে।

এই জয়ে ২৪ ম্যাচে ১৩ জয়, ৬ ড্র ও ৫ হারে ৪৫ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। এখনো তাদের তিনটি ম্যাচ কম খেলা রয়েছে।

আগামী বৃহস্পতিবার ভোরে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগার্স উএএনএলের বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত