নাটোরে বাবার হাতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

নাটোর জেলার সিংড়ায় বাবার ধারালো অস্ত্রের আঘাতে শরিফুল ইসলাম (৩০) নামে মাদকাসক্ত ছেলে মারা গেছেন।

শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক বাবা শহিদ আলী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা চেয়ে প্রায়ই তিনি মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। শনিবার বিকাল থেকে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শহিদ ধারালো হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে শরিফুল ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা সেলিম খান বলেন, শরিফুল মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করতেন। এ নিয়ে গ্রামে একাধিকবার বিচার-সালিশও হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ঘটনার পর থেকে শহিদ আলী পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।