পটুয়াখালীর বাউফলে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে গুরুতর জখম করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতা ইমরান কালাইয়া ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে ও বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য। স্থানীয়রা তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্থানী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে এসে ইমরান হোসেন ল্যাংড়া মুন্সির পুল এলাকায় নামেন। সেখান থেকে বাড়ীর দিকে রওয়ানা হলে আবদুর রব ফার্মেসির সামনে রিকসার গতিরোধ করে নিষিদ্ধ স্থানীয় ছাত্রলীগ নেতা মাইনুল মৃধাসহ তার সহযোগীরা। এরপর তাকে ধরে মহিউদ্দিনের মুদির দোকানে ঢুকিয়ে মারধর করে ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ইমরান হোসেন বলেন, চাঁদাবাজ সন্ত্রাসী যুবলীগ নেতা স্বপন মৃধা ছাত্রলীগ নেতা মাইনুলকে দিয়ে আমার উপর হামলা করিয়েছে। বার বার প্রাণ ভিক্ষা চাইলেও তারা থামেনি। কেন আমাকে মারা হলো সেটাও জানেন না তিনি।
এ বিষয়ে স্বপন মৃধার ব্যবহৃত মুঠোফোন একাধিক বার যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এসএমএস পাঠালেও তিনি জবাব দেননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, তার অবস্থা কিছুটা উন্নতির পথে। একটা এক্সরে করার পড়ে সিদ্ধান্ত হবে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল অথবা ঢাকা পাঠাবো কি না।