পিটার শিল্টনের ১৩৯০ ম্যাচের রেকর্ড ছুয়ে ফেললেন ৪৫ বছরের ফ্যাবিও

ফুটবলে টিকে থাকা এবং ধারাবাহিকতার সবচেয়ে বড় উদাহরণ যেন ব্রাজিলের অভিজ্ঞ গোলকিপার ফাবিও। বয়স যখন ৪৫ ছুইছুই, তখনও তিনি ক্লাব ফুটবলে নিয়মিত খেলছেন, আর খেলতে খেলতেই ছুঁয়ে ফেললেন এক অবিশ্বাস্য রেকর্ড—পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ইংলিশ গোলকিপার পিটার শিল্টনের পাশে বসলেন তিনি। 

শনিবার ব্রাজিলিয়ান সিরি-এ লিগে ফ্লুমিনেন্সের হয়ে ফোর্টালেজার বিপক্ষে মাঠে নামেন ফাবিও। ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের ১,৩৯০তম প্রতিযোগিতামূলক খেলা। ম্যাচটিতে ফ্লুমিনেন্সে ২-১ গোলে জয় পায়।

পিটার শিল্টন ১৯৬৬ থেকে ১৯৯৭ পর্যন্ত খেলেছেন ১,৩৯০ ম্যাচ। গিনেস ও আইএফএফএইচএস এই সংখ্যা স্বীকৃতি দিয়েছে। যদিও শিল্টনের দাবি, তার ম্যাচ সংখ্যা ১,৩৮৭—কারণ কিছু অনানুষ্ঠানিক ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ ম্যাচ গণনায় পার্থক্য রয়েছে।

তবে বিতর্ক যাই হোক, শিল্টন নিজেই ২০২৩ সালে স্বীকার করেছিলেন, ফাবিও তার রেকর্ড ছুঁয়ে ফেলতে চলেছেন এবং রেকর্ড ভাঙলে তিনিই সবার আগে অভিনন্দন জানাবেন।
রেকর্ড ছোঁয়ার পর আবেগাপ্লুত ফাবিও বলেন, “ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। আমার পরিবার, বন্ধু, সতীর্থ, স্ত্রী—সবাইকে ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করি ভালো মানুষ হতে, সতীর্থদের সাহায্য করতে। ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয়।”

ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গড গোলের মূহূর্তে পিটার শিল্টন। ফাইল ছবি

২৮ বছর আগে ১৯৯৭ সালে উনিয়াও বান্দেইরান্তের জার্সিতে পেশাদার ফুটবলে যাত্রা শুরু ফাবিওর। ওই দলের হয়ে খেলেছেন ৩০ ম্যাচ, ভাস্কো দা গামার হয়ে ১৫০, ক্রুজেইরোর হয়ে ৯৭৬ এবং ফ্লুমিনেন্সের হয়ে ২৩৪ ম্যাচ। 

সাফল্যে ভরা ট্রফি ক্যাবিনেট ফ্যাবিওর। ক্রুজেইরোর হয়ে ২টি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ, ২টি কোপা দো ব্রাজিল, ফ্লুমিনেন্সের হয়ে কোপা লিবার্তাদোরেস, রেকোপা সুদামেরিকানা। 

আগামী মঙ্গলবার ফ্লুমিনেন্সির হয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলোয় আমেরিকা দে কালি-র বিপক্ষে মাঠে নামলেই শিল্টনকে ছাড়িয়ে যাবেন ফাবিও। 

শিল্টনের রেকর্ডে পাশে ফাবিও

সর্বাধিক ম্যাচ খেলা শীর্ষ পাঁচ ফুটবলার
১. ফাবিও / পিটার শিল্টন – ১,৩৯০
২. ক্রিশ্চিয়ানো রোনালদো – ১,২৮৩
৩. রজেরিও সেনি – ১,২৬৫
৪. ফ্রান্তিসেক প্লানিচকা – ১,১৮৭