বগুড়ায় পরিত্যক্ত অবস্থায় ৬ গ্রেনেড উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী 

বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি গ্রেনেড উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। রবিবার বিকাল ৪টার দিকে বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিড়া ও ঝোপগাড়ি এলাকায় অবস্থিত মারকাজ মসজিদ সংলগ্ন পাশের একটি ডোবা থেকে এই গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

ঘনবসতি এলাকায় গ্রেনেড উদ্ধার হওয়ায় গ্রামবাসীর মধ্য আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে সদর থানা পুলিশের একাধিক টিম ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে।

প্রত্যক্ষদর্শী রাসিব হাসান জানান, দুপুরে মাছ মারার জন্য আমি ডোবাতে নেমে পানি সেচের সময় আমার হাতে লোহার বলের মত একটি অনুভব করি। পানি থেকে তুলে দেখি এটি গ্রেনেড। তখনই আমি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা ডোবার মধ্য আরও ৩টি গ্রেনেড খুঁজে পায়। পরে আমি সদর থানার এসআই শামিনুল ইসলামকে জানালে পুলিশ নিয়ে এসে গ্রেনেডগুলো উদ্ধার করে।

এসআই শামিনুল ইসলাম বলেন, স্থানীয় যুবকের ফোন পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে এসে ৪টি গ্রেনেড উদ্ধার করি। পরে খোঁজাখুঁজি করে আরও দুটিসহ মোট ৬টি গ্রেনেড উদ্ধার করি। বোম ডিসপোজাল ইউনিট না আসা পর্যন্ত গ্রেনেডগুলো বালতির ভেতরে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, গ্রেনেড উদ্ধারের খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। গ্রেনেডগুলো কোনো সময়ের এবং তাজা কিনা সে ব্যাপারে বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নেবে। গ্রেনেডগুলো কোথা থেকে আসলো, কে আনলো সে ব্যাপারে তদন্ত চলছে।