বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগ দেখা যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ। নাটক, ওয়েব সিরিজ দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা এই ওটিটি প্ল্যাটফর্মটি এগিয়ে এসেছে খেলাধূলার সরাসরি সম্প্রচারেও, যার প্রথম ধাপ বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচার।
বঙ্গ অ্যাপের মাধ্যমে দর্শকরা ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের ৩৮০টি ম্যাচই সরাসরি দেখতে পারবেন। মোবাইল, স্মার্ট টিভি, ল্যাপটপ বা ট্যাবলেট পিসি; যে কোন ডিভাইস থেকেই হাই ডেফিনেশনে দেখতে পারবেন ইপিএলের রোমাঞ্চকর সব ম্যাচ। দর্শকদের সুবিধার জন্য তিনটি ভিন্ন প্যাকেজ রাখা হয়েছে। পুরো মৌসুমের জন্য রয়েছে 'সিজন পাস', যার মূল্য ৬৫০ টাকা। এছাড়া মাসিক প্যাকের মূল্য ১১০ টাকা এবং একদিনের জন্য 'ডেইলি পাস'-এর মূল্য মাত্র ২৫ টাকা।
রবিবার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বঙ্গর তরফ থেকে জানানো হয় এসব তথ্য। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাসেম উপস্থিত ছিলেন।