পুলিশের ওপর হামলা করে মাদক কারবারি ছিনতাই, আটক-৪

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে তাদেরকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম চর পাকেরদহ এলাকার দুদু মন্ডলের ছেলে মো.আজিজুল হক বাবু (৩২), ইদু মন্ডলের ছেলে মো. রাসেল (৩৪), আসাদ মন্ডলের ছেলে স্বপন (২৮) এবং মৃত কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানা পুলিশের একটি দল পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার নাসির উদ্দীন চিকুকে (২৫) ৩৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক নাসির উদ্দীন চিকুকে নিয়ে থানায় ফেরার পথে বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা পুলিশের কাছ থেকে আসামি নাসির উদ্দীন চিকুকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের আঘাতে এএসআই মুজিবুর রহমান ও নাইমুর রহমান আহত হন। পরে আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় শনিবার রাতেই এসআই হাসিব আল মাহফুজ বাদী হয়ে সরকারি কাজে বাধা দান এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ভোরের দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে মো.আজিজুল হক বাবু, মো.রাসেল, স্বপন এবং সুজা মন্ডল গ্রেপ্তার করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর ভোরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে দুপুরের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ী নাসির উদ্দীন চিকুসহ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।