ভবিষ্যৎ পরিকল্পনার ‘এ’ দল

দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছেন নির্বাচকরা। আগস্টের ২৮-৩১ তারিখ ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচটি খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী বছর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ। সেই সূচি মাথায় রেখে এবং টেস্ট দলের সঙ্গে থাকলেও একাদশে নিয়মিত জায়গা না পাওয়া তরুণদের পরীক্ষা করে দেখতেই এ দল সাজানো, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মাহিদুল ইসলাম অংকন। এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টে খেলেছেন, জ¦রের কারণে যে ম্যাচে খেলা হয়নি, নিয়মিত উইকেট-রক্ষক লিটন দাসের। দলের বাকি সদস্যরা হলেন সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, অমিত হাসান, ইয়াসির আলি চৌধুরী, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন ম-ল, মুশফিক হাসান, মো. এনামুল হক ও হাসান মাহমুদ।

সাইফ হাসান টি-টোয়েন্টিতে ব্যাট করছেন চারে, ২০২০ সালে টেস্ট অভিষেকের পর ৬টি টেস্ট খেলা সাইফ ২০২১ সালের পর থেকে আর টেস্ট খেলেননি। ৬ টেস্ট খেলা ইয়াসির আলিও ২০২২ সালের পর আর সাদা পোশাকে ডাক পাননি, সবশেষ মৌসুমের জাতীয় লিগেও খুব ভালো করেননি, ৬ ম্যাচের ১০ ইনিংসে তার ২৫২ রান চট্টগ্রাম বিভাগের হয়ে। তারা দুজন যেমন আছেন, তেমনি জাতীয় লিগে ভালো করা বরিশালের ইফতেখার হোসেন ইফতি ও সিলেটের অমিত হাসানও আছেন। সুযোগ এসেছে ৬টি টেস্ট খেলা শাহাদাত হোসেন দীপুরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলে ডাক পাওয়া বাম হাতি স্পিনার হাসান মুরাদ আছেন এ দলে। আছেন জাতীয় লিগে ৩৬ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারি এনামুল হক। আছেন জাতীয় দলের পরীক্ষিত পারফরমার হাসান মাহমুদ ও নাঈম হাসানও।

দল বাছাইয়ের পেছনে ভাবনার ব্যাপারে গাজী আশরাফ হোসেন দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘দেশে খেলা আছে, এশিয়া কাপ আছে সামনে, অস্ট্রেলিয়ায় সাদা বলের সিরিজ চলছে; সবকিছু মিলিয়েই একটা দল তৈরি করতে হয়েছে। কয়েকজন তরুণ খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়ে দেখতে চেয়েছি, সেই সঙ্গে জাতীয় দলে যারা দলে থাকলেও একাদশে সুযোগ পাচ্ছিল না, তাদের দেখতে চেয়েছি। সামনের বছর অস্ট্রেলিয়া সফর আছে, সেই ভাবনা থেকেও কয়েকজনকে দলে রাখা হয়েছে।’

অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির আসর শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়া। এই দলে খেলেন অস্ট্রেলিয়ার নিয়মিত উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি, টেস্ট ওপেনার নাথান ম্যাকসুইনি। আছেন সাবেক ক্রিকেটার ও কোচ ড্যারেন লেম্যানের ছেলে জেইক লেম্যান।

ভেস্তে গেল আফিফের নিঃসঙ্গ লড়াই: এক দিন আগেই নেপালের বিপক্ষে ২৩ বলে অপরাজিত ৪৮ করেছিলেন আফিফ হোসেন ধ্রুব। গতকাল বিগ ব্যাশের দল পার্থ স্করচার্স একাডেমির বিপক্ষেও আফিফ অপরাজিত ছিলেন ৪২ রানে। কিন্তু এই ইনিংসের জন্য তার খেলতে হয় ৪৯ বল। কেননা টি-টোয়েন্টির স্বভাবজাত ব্যাটিংটুকু করার সুযোগই আফিফ পাননি অন্য সতীর্থদের ব্যর্থতায়। ফলও হয়েছে তাই। ৫ উইকেটে পার্থের একাডেমিটি দলটির কাছে হার মানতে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে।

এই দলটির কাছেই আগের দিন পাকিস্তান শাহিনস আত্মসমর্পণ করে ১১১ রানে। তারপরও অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা (টিও) স্টেডিয়ামে এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পুরো কুড়ি ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ তোলে ১২৩ রান। আর সেই রান দুই ওভার ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যান স্করচার্স একাডেমির ব্যাটসম্যানরা।

বাংলাদেশের এত কম রান করার কারণ ব্যাটারদের অহেতুক উইকেট বিলিয়ে আসা। প্রথম দুই ম্যাচের ধারাবাহিকতা রক্ষা করে এ ম্যাচেও অল্প রানে নিজের উইকেট দিয়ে আসেন নাঈম শেখ। করেন ছয় বলে পাঁচ রান। ওই ধাক্কা সামলানোর আগেই কাট শট খেলে পয়েন্টে ধরা পড়েন সাইফ হাসান। গত ম্যাচে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলা জিশান আলমকে ১৩ বলে ৯ রানে ফিরতে হয় আম্পায়ারের বিতর্কিত লেগ বিফোরের সিদ্ধান্তে। এরপরই গুটিয়ে নিতে হয় আফিফের হাত। তার সঙ্গে জুটির সম্ভাবনা জাগলেও তা পূর্ণ হয়নি অংকন, সোহান কিংবা মৃত্যুঞ্জয়দের। পাঁচ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন রাকিবুল হাসান। কিন্তু কাটা পড়েন রানআউটে। আফিফ ৪ চারে ৪৯ বলে ৪২ রানে থেকে যান ক্রিজের একপ্রান্ত ধরে রেখে। ব্রাইস জনসন তিনটি ও অ্যালবার্ট এসটারহুইসেন দুটি উইকেট নেন।

১২৪ রানের লক্ষ্যে ব্যাট করা স্করচার্স একাডেমিকে যতটা সম্ভব আটকে রেখেছিলেন দুই স্পিনার রাকিব, নাঈম ও পেসার হাসান মাহমুদ। রাকিব ১৮ রানে নেন ২ শিকার। নাঈম ২ উইকেট নিতে দেন ৩১ রান। হাসান ১৬ রানে পান ১ উইকেট। পার্থের জোয়েল কার্টিস ৩৪ বলে অপরাজিত ৪৪ এবং টিগে উইলি ২৮ বলে ৩১ রান করেন। ৩ ম্যাচে ১ জয় থেকে পাওয়া ২ পয়েন্ট ও -১.১২ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম অবস্থানে রয়েছেন সোহানরা। পরের ম্যাচ ডিএক্সএন অ্যারেনায় স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ৩টায়।