আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে এলএ গ্যালাক্সির বিপক্ষে ৩-১ গোলের জয়ে ম্যাচের শেষ দিকে গোল করে তিনি ছুঁলেন ক্যারিয়ারের ৮৭৫তম গোলের মাইলফলক, সেটিও সবচেয়ে কম বয়সে। পায়ের পেশির চোট কাটিয়ে মাঠে ফিরে খেলেন দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিট। ৮৪তম মিনিটে একক নৈপুণ্যে দারুণ গোল করে ম্যাচ জেতান মায়ামিকে। ক্যারিয়ারের ৮৭৫তম গোলটি মেসি করেন সবচেয়ে কম মাত্র ১ হাজার ১১৬ ম্যাচ খেলে। এর আগে এই কীর্তি করা একমাত্র ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, তার ৮৭৫তম গোলটি করেন ১ হাজার ২০৬ তম ম্যাচে। তখন তার বয়স ছিল ৩৯।
মেসির পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৫ সালের ১ মে, বার্সেলোনার হয়ে আলবাচেতের বিপক্ষে গোল করে। তখন মাত্র ১৭ বছর বয়সী মেসি রোনালদিনহোর পাস থেকে দারুণ এক লব শটে গোল করেছিলেন। যদিও প্রথমে অফসাইড ডাকা হয়েছিল, কিন্তু পরে সেটিই হয়ে যায় তার ক্যারিয়ারের প্রথম গোল। সেই মুহূর্তেই শুরু হয়েছিল বিশ্ব ফুটবলে মেসি রূপকথার যাত্রা। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর করা ৯৩৮ গোল থেকে মেসি আছেন ৬৩ গোল পেছনে। তবে গোলের পাশাপাশি অ্যাসিস্টেও দারুণ উজ্জ্বল তিনি। এ পর্যন্ত তার ক্যারিয়ারে রয়েছে ৩৮৯টি অ্যাসিস্ট। মোট ১ হাজার ২৬৩ বার সরাসরি গোলের সঙ্গে জড়িত আর্জেন্টাইন মহাতারকা।
শনিবার গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে ৮৪ মিনিটে গোল করার পর ৮৯ মিনিটে লুইস সুয়ারেজের গোলে অ্যাসিস্ট দেন মেসি। এর আগে মায়ামির হয়ে ৪৩ মিনিটে গোল করেছিলেন জর্দি আলবা। গ্যালাক্সির হয়ে ৫৯ মিনিটে সমতা ফেরান জোসেফ পেইন্টসিল। মেসির ইনজুরিটি তেমন গুরুতর নয় বরং সামান্য পেশি টান ছিল জানিয়ে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, ‘আমরা ওকে ৪৫ মিনিট খেলানোর পরিকল্পনা করেছিলাম, যাতে ধীরে ধীরে সে ম্যাচ ফিটনেসে ফিরতে পারে। ও শতভাগ স্বস্তিতে ছিল না, তবে সময় যত গড়িয়েছে, ততই ছন্দে এসেছে।’ এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেনসের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্টে এগিয়ে।
এ মৌসুমে মেজর লিগে ইন্টার মায়ামির হয়ে মাত্র ১৯ ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়াল ১৯-এ, সঙ্গে রয়েছে ১০টি অ্যাসিস্ট। পাশাপাশি লিগস কাপের কোয়ার্টার ফাইনালেও তুলেছেন দলকে। ২০২৩ সালে মেসির আগমনের পরপরই লিগস কাপ দিয়ে প্রথমবার কোনো শিরোপা জিতেছিল মায়ামি। মেসি-সুয়ারেজের সঙ্গে আলবা-বুসকেটস-ডি পল জাদুতেই আবারও শিরোপার স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি। সে লক্ষ্যে আগে পেরোতে হবে বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেস ইউএএনএল বাধা।