আর্জেন্টাইন সাম্পাওলি কি নেইমারের কোচ হচ্ছেন

ব্রাজিলিয়ান ‘সিরি আ’র ২০তম রাউন্ডে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলের লজ্জাজনক হারের পর কোচ ক্লেবার জাভিয়েরের মেয়াদও শেষ হয়ে যায়। মোরুমবিস স্টেডিয়ামে হওয়া ওই ম্যাচের পরই ৬১ বছর বয়সী এই কোচকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। তার জায়গায় আর্জেন্টিনার সাবেক কোচ হোর্হে সাম্পাওলিকে নেওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। নেইমারের বার্সায় থাকার সময়ে সেভিয়ার কোচ হিসেবে লা লিগায় একাধিকবার মুখোমুখি হন দুজন।

গত ২৯ এপ্রিল দায়িত্ব নেওয়ার পর থেকে সান্তোসের হয়ে ১৫ ম্যাচে কোচিং করান জাভিয়ের। এ সময় তার অধীনে দলটির পারফরম্যান্স ছিল ৫ জয়, ৪ ড্র ও ৬ হারের। ব্রাজিল জাতীয় দলে তিতের সহকারী হিসেবে কাজ করার পর এটিই ছিল তার প্রথম মূল দায়িত্বের অভিজ্ঞতা। তিনি এসেছিলেন পেদ্রো কাইশিনহার স্থলাভিষিক্ত হয়ে। তবে তার কোচিংয়ে সান্তোস কোপা দো ব্রাজিলের তৃতীয় ধাপেই বিদায় নেয়। সিআরবি-র বিপক্ষে দুটি ড্রয়ের পর টাইব্রেকারে হেরে ছিটকে যায় দলটি। এবার নতুন কোচের সন্ধানে নামবে সান্তোস। ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো টেইশেইরার নজরে আছেন দুজন নামকরা আর্জেন্টাইন কোচ— হুয়ান পাবলো ভয়ভোদা ও হোর্হে সাম্পাওলি। ২০২১ থেকে ফোর্তালেজার দায়িত্ব সামলানোর পর গত ১৪ জুলাই ইস্তফা দেন ভয়ভোদা। আর ২০১৮-১৯ মৌসুমে সান্তোসের কোচ হিসেবে থাকা সাম্পাওলিকেও ফেরাতে পারে ক্লাবটি। সবশেষ তিন ছিলেন ফরাসি ক্লাব রেনের কোচ। তবে মাত্র ১০ ম্যাচ পর গত ৩০ জানুয়ারি তাকে বিদায় করে দেয় ক্লাবটি।

সান্তোসের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন কোচ সাম্পাওলি। সোমবার (স্থানীয় সময়) টেইশেইরার সঙ্গে তার প্রথম বৈঠক হয়েছে। এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, তবে প্রাথমিক আলোচনাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করেছে দুই পক্ষই। ইএসপিএন ব্রাজিল ও মেউ পেউশাও ক্লাব ও কোচ-সংশ্লিষ্ট সূত্র দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। 

বৈঠকে আর্থিক প্রস্তাব শুনতেও রাজি হননি সাম্পাওলি, বরং কেবল ক্রীড়াবিষয়ক দিক নিয়েই আলোচনা করেন। এর ফলে আগামী দিনগুলোতে আরও বৈঠকের পথ খুলেছে। দায়িত্ব নেওয়ার আগে প্রতিবারের মতো এবারও সান্তোসের পুরো স্কোয়াডের খেলোয়াড়দের বিস্তারিত রিপোর্ট চেয়েছেন সাম্পাওলি। এছাড়া তিনি টেইশেইরাকে ৪৮ ঘণ্টার সময় নিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য। আজ (মঙ্গলবার) নিজের কোচিং স্টাফদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। আর্জেন্টাইন এই কোচের মূল উদ্বেগ দলের রক্ষণভাগ নিয়ে, কারণ বর্তমান ডিফেন্ডারদের নিয়ে উচ্চ-প্রেসিং খেলার বৈশিষ্ট্য দেখা যাচ্ছে না।

 নেইমারের সঙ্গে সাম্পাওলির সবসময়ই ভালো সম্পর্ক ছিল। সেই প্রেক্ষাপটও তাকে সান্তোসের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে। সোমবার ক্লাবের পক্ষ থেকে কোচিং প্রস্তাব দেওয়া হয়েছিল তিনজনকে—তিতে, দরিভাল জুনিয়র এবং লুইস কাস্ত্রো। তবে সবাই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।