লা লিগার মৌসুম শুরুর ম্যাচেই হারের তেতো স্বাদ পেতে হলো আতলেতিকো মাদ্রিদ। এস্পানিওলের মাঠে ২-১ গোলের এ হার ‘কষ্ট দিয়েছে’ বলে স্বীকার করেছেন দলের কোচ ডিয়েগো সিমিওনে। গত ১৫ মৌসুম ধরে লা লিগায় শুরুর ম্যাচে কখনো হার সইতে হয়নি মাদ্রিদের ক্লাবটিকে। আট ম্যাচ পর আতলেতিকোর বিপক্ষে জয়ের আনন্দে ভাসে এস্পানিওল।
রবিবার রাতে এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে ম্যাচের ৩৭ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে আতলেতিকোকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণও ছিল সফরকারীদের হাতে। কিন্তু শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৭৩ মিনিটে দারুণ এক সেটপিস থেকে সমতা টানেন মিগুয়েল রুবিও। এর পর ৮৪ মিনিটে পেরে মিলা করেন জয়সূচক গোলটি। ওমর আল হিলালির ক্রসে হেড করে ৭ মৌসুম পর জয় দিয়ে আসর শুরুর উপলক্ষ্য এনে দেন। নতুন শেয়ারহোল্ডার ও সাবেক এনএফএল তারকা জে. জে. ওয়াটকে উচ্ছ্বসিত করে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
ম্যাচ শেষে সিমিওনে বলেন, ‘তারা (এস্পানিওল) খুব ভালোভাবে সুযোগগুলো কাজে লাগিয়েছে। একটি সেটপিস থেকে তারা ম্যাচে ফিরে আসে। এরপর দ্বিতীয় গোলটা আমাদের কষ্ট দিয়েছে। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছিলাম, বলও ঘুরাচ্ছিলাম ভালোভাবে। তবে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়, যা আমরা পাইনি।’
এই ম্যাচে আতলেতিকোর হয়ে অভিষেক হয় পাঁচ নতুন সাইনিংয়ের, যার মধ্যে ছিলেন মার্কিন মিডফিল্ডার জনি কারদোসো। তবে তাকে বিরতির পর বদলি করে নামানো হয় অধিনায়ক কোকে ও পাবলো বারিওসকে। কোকে ম্যাচ শেষে বলেন, ‘ফুটবল আসলে দুই বক্সে কার্যকর হওয়ার খেলা। আমরা তা পারিনি। এই লিগে কিছু করতে চাইলে আমাদের আরও নিখুঁত হতে হবে।’ শিরোপার লড়াইয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সমকক্ষ হতে আতলেতিকো এবারের দলবদলে সাতজন নতুন খেলোয়াড় এনেছে। তবে মৌসুমের শুরুটা তাদের জন্য মোটেও প্রত্যাশিত হলো না।
এস্পানিওলের মালিকানা এখন ভেলোসিটি স্পোর্টস লিমিটেডের হাতে, যারা ইংলিশ ক্লাব বার্নলিরও মালিক। এর অংশীদার এনএফএল কিংবদন্তি জে. জে. ওয়াট ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে সময় কাটান। ম্যাচশেষে যোগ দেন দলের জয়োল্লাসেও।
বিস্ফোরক সেঞ্চুরিতে রেকর্ড গড়া প্রত্যাবর্তন মুনরোর
কুতিনহোদের কাছে হাফ ডজনের লজ্জা নেইমারের