কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফের অর্থায়নে পরিচালিত প্রকল্পের চাকরিচ্যুত শিক্ষকরা। চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা আমরণ অনশনের মাধ্যমে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা বলছেন, অবিলম্বে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ ও অনশন চালিয়ে যাবেন।
এদিকে সোমবার সকাল ৬ টা থেকে কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশনে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত শিক্ষকরা। তবে ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবরোধের কারণে সকাল থেকেই ব্যস্ত এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে কোটবাজার স্টেশনে সড়কের উভয় দিকে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকা পড়ে।
শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা মানবিক সংস্থার অধীনে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। হঠাৎ করেই তাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে জীবিকা হারিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন।
উখিয়ার ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পের চাকরিচ্যুত শিক্ষকরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ অব্যাহত রেখেছে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট ও তীব্র দুর্ভোগের সৃষ্টি হয়েছে। উদ্ভুদ পরিস্থিতি ও সমস্যাটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় এবং ইউনিসেফের সাথে আন্দোলনকারীদের মধ্যকার বলে জানান তিনি।
এ ব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্টদের সাথে ফোনে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি।