রিয়াল মাদ্রিদের নতুন আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে নিয়ে উচ্চ প্রশংসা করেছেন দলের কোচ জাবি আলোনসো। ১৮ বছর বয়সী এই ফুটবলারের লা লিগায় অভিষেক হতে পারে মঙ্গলবার, ওসাসুনার বিপক্ষে ম্যাচে।
মাস্তানতুয়োনো গত বৃহস্পতিবার ১৮ বছর পূর্ণ করার পর আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন। সোমবার তিনি করেছেন চতুর্থ অনুশীলন সেশন। সান্তিয়াগো বার্নাব্যুতে দলের লা লিগা মৌসুম শুরুর ম্যাচে তিনি বদলি তালিকায় থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।
প্রেস কনফারেন্সে আলোনসো বলেন, “প্রথমবার তার সঙ্গে কথা বলেই আমি অবাক হয়েছিলাম। তখন ওর বয়স ১৭, কিন্তু ব্যক্তিত্ব ছিল পূর্ণবয়স্ক একজন মানুষের মতো। এখন ১৮, আত্মবিশ্বাসী, কোনো দ্বিধা ছাড়াই রিয়াল মাদ্রিদে আসার সিদ্ধান্ত নিয়েছে। তার দক্ষতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা, খেলার মানসিকতা অসাধারণ।”
কোচ আরও যোগ করেন, “হ্যাঁ, ও খেলতে নামতে পারে। দলে আনবে গুণগত মান, এনার্জি, রক্ষণে দায়বদ্ধতা আর আর্জেন্টাইনদের মতো লড়াকু মানসিকতা। বাম পা দারুণ—শট হোক বা পাস। খুব অল্প বয়সেই ওর ভেতরে স্পিরিট আছে, আমাদের কাজ হবে সেটিকে সমর্থন দেওয়া।”
আলোনসোকে প্রশ্ন করা হয়েছিল নেইমারের ভক্ত মাস্তানতুয়োনোর মন্তব্য নিয়ে, যেখানে তিনি মেসিকে সেরা বলেছেন। জবাবে কোচ মুচকি হেসে বলেন, “ও আর্জেন্টাইন, বাঁ পায়ের খেলোয়াড়—এটাই স্বাভাবিক।”