রোনালদো-জর্জিনার বিয়ে: হাড়ির খবর দিলেন সাংবাদিক আলবার্তো

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৬:৩৪ পিএম

দীর্ঘ ৯ বছর প্রেম ও সন্তানের বাবা-মা হওয়ার পর অবশেষে বিয়ের বাদ্যি বাজতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজের জীবনে। সম্প্রতি রোনালদো আনুষ্ঠানিকভাবে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ঝলমলে আংটি পরা ছবি পোস্ট করে সেই প্রস্তাবে ‘হ্যা’ বলে দিয়েছেন জর্জিনা। কিন্তু কবে, কোথায় তাদের বিয়ে হতে যাচ্ছে?

রোনালদোর মতো মহাতারকার ব্যক্তিগত জীবন নিয়ে রাখঢাক থাকবে- এটাই স্বাভাবিক। তবে হাড়ির খবর দিয়েছেন স্প্যানিশ সাংবাদিক আলবার্তো গুজমান। তিনি বলেছেন, ‘আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। ওরা এখনো তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ক্রিশ্চিয়ানোও বিষয়টা খুব গোপন রাখছেন। আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে।’

পর্তুগিজ মহাতারকা যে ২০২৬ বিশ্বকাপ খেলতে চান- সেটা সবার জানা। তাই বিশ্বকাপের আগ পর্যন্ত তিনি ফুটবলেই মনোযোগ দিতে চান। বিয়ের প্রস্তাব দেওয়ার সময় আংটির সঙ্গে প্রেমিকাকে একটি পোরশে গাড়ি এবং দুটি দামি ঘড়িও উপহার দিয়েছেন রোনালদো। তাদের সম্ভাব্য বিয়ের ভেন্যু নিয়ে গুজমান বলেছেন, ‘যতটুকু ধারণা পেয়েছি, অনুষ্ঠানটা হতে পারে রোনালদোর নিজের দেশ পর্তুগালেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত