৫ বলে ৩ উইকেট নিয়ে স্বরূপে রশিদ খান

এক ম্যাচ আগেই বেদম পিটুনি হজম করেছিলেন আফগানিস্তানের স্পিন তারকা রশিদ খান। এই লেগ স্পিনারকে এবার দেখা গেল স্বরূপে। দ্য হান্ড্রেডের মঞ্চে তার ঘূর্ণিতে কুপোকাত হয়েছে সাউদার্ন ব্রেভ। এছাড়া অল-রাউন্ড পারফর্মেন্স উপহার দিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নিয়েছেন স্যাম কারেন। ওভাল ইনভিন্সিবল জিতেছে ৭ উইকেটে।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯৮ বলে মাত্র ১৩৩ রানে অল-আউট হয় সাউদার্ন ব্রেভ। অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফ তুলে নেন জেমস ভিন্স ও লিউস ডু প্লয়ের উইকেট। পরে টম কারান ফেরান লরি ইভান্সকে। ব্যাটারদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়ান রশিদ খান। পাঁচ বলের মধ্যে ফিরিয়ে দেন জেসন রয়, মাইকেল ব্রেসওয়েল এবং জেমস কোলসকে। ৪৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে ব্রেভ!

এরপর ৩০ বলে ৪২ করা হিলটন কার্টরাইট ও ১৩ বলে ২৪ করা জর্ডান থম্পসনের লড়াকু ইনিংসে ব্রেভ ১৩৩ রান তোলে। রশিদ খান ২০ বলে ১০ ডট এবং ২০ রান খরচায় নেন ৩ উইকেট। অন্যদিকে স্যাম কারেনও ১৮ বলে ৭ ডট এবং ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। জেসন বেহরেনডর্ফ নেন ২০ রানে ২ উইকেট।

জবাবে শুরুতেই দুই ওপেনারকে হারালেও ইনভিনসিবলসকে আর থামাতে পারেনি ব্রেভ। ৩৭ বলে ৫৬ করা কক্স ও ৩২ বলে ৫০ রানে আপরাজিত থাকা কারেন গড়ে দেন জয়ের ভিত। কক্স টাইমাল মিলসের বিপক্ষে টানা তিন বলে ৪, ৬, ৪ হাঁকিয়ে চেপে ধরেন বোলারদের। শেষদিকে স্যাম বিলিংস এসেই তিন বাউন্ডারি হাঁকান। তার ৭ বলে অপরাজিত ১৩ রানের ইনিংসে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইনভিন্সিবল।