এক ফোনকলে হরভজনের খরচ ৩৭ হাজার টাকা!

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:১৮ পিএম

বলিউড ও ক্রিকেটের সম্পর্ক নতুন কিছু নয়। ভারতীয় অফস্পিনার হরভজন সিং এবং অভিনেত্রী গীতা বসরার সম্পর্কও শুরু হয়েছিল বেশ সিনেমার মতোই। ২০০৭ সালে ইংল্যান্ড সফরে গিয়ে এক বন্ধুর দেওয়া পার্টিতে প্রথমবার গীতার সঙ্গে পরিচয় হয় হরভজনের। তবে সম্পর্কের শুরুটা এক বছর পর, ২০০৮ সালে শ্রীলঙ্কা সফরের সময়।

হরভজন-গীতার প্রেম শুরু হয়েছিল মিসকলের যুগে। তখন খরচ বাঁচাতে মিসকল ছিল যোগাযোগের বড় মাধ্যম। প্রথমে কেবল বন্ধুত্ব, মাঝেমধ্যে ফোন বা মেসেজে যোগাযোগ—সেই জায়গা থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে থাকেন হরভজন আর গীতা। একবার লন্ডনে থাকা গীতাকে শ্রীলঙ্কা থেকে ফোন করে প্রায় ফতুর হতে বসেছিলেন হরভজন। কয়েকঘণ্টা চলমান সেই আলাপচারিতায় বিল উঠেছিল ২৭ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার টাকার বেশি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হরভজন নিজেই জানিয়েছেন, সেই ফোন কলই দু’জনকে আরও কাছাকাছি এনেছিল। দীর্ঘ কয়েক বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৯ অক্টোবর পাঞ্জাবি আচার মেনে বিয়ে করেন হরভজন ও গীতা। বর্তমানে গীতা চলচ্চিত্রজগত থেকে দূরে আছেন। আর হরভজন অবসরের পর ব্যস্ত ধারাভাষ্যকার ও রাজনৈতিক জীবন নিয়ে। এই দম্পতির দুটি সন্তান আছে। মেয়ের নাম হিনায়া হীর প্লাহা, এবং ছেলের নাম জোভান বীর সিং প্লাহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত