পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চতরা বিলে গোপন আস্তানায় অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ‘ময়েজ বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপ চতরা বিল এলাকায় অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত ও গানপাউডারসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরি হচ্ছিল। তবে পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় কোনও নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান বলেন, চতরা বিলকে কেন্দ্র করে ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় মনির ও রেজাউল নামে দুজনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
পুলিশ আরও জানায়, অভিযান এখনও চলমান, উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুরো চতরা বিল এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।