নাটোরে রেললাইনে ফাটল, পাটের বস্তা দিয়ে পারাপার

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনে ফাটল ধরায় ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ভাঙা অংশে পাটের বস্তা বসিয়ে ট্রেনকে সীমিত গতিতে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা লাইনে ফাটল লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে ভাঙা অংশে পাটের বস্তা বসিয়ে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়। এরপর রাজশাহীগামী কমিউটার ট্রেন এবং ঢালারচর এক্সপ্রেস সতর্কতার সঙ্গে ওই ফাটল অতিক্রম করেছে।

রেলশ্রমিক মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে সকালেই তারা ঘটনাস্থলে পৌঁছে যান। আপাতত অস্থায়ীভাবে পাটের বস্তা ব্যবহার করে ট্রেন পার করানো হচ্ছে। রাজশাহী থেকে মেরামতের জন্য শ্রমিক আসা শুরু করেছে এবং মেরামতের কাজ চলছে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে আমাদের কর্মীরা লাইনে ফাটল দেখতে পান। বর্তমানে ট্রেনগুলো সর্বোচ্চ ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে চলছে। মেরামত সম্পন্ন হলে ট্রেনের গতি স্বাভাবিক হবে।’