নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ইসি ও ইইউর আলোচনা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার নেতৃত্ব দেন। তার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল কমিশনে আসে।

সূত্র জানায়, বৈঠকে প্রতিনিধি দলটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি, পরিকল্পনা ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এছাড়া তারা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং পর্যবেক্ষণের সুযোগ নিয়ে ইইউর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আগত জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। সে লক্ষ্যে প্রতিনিধি দলটি প্রাথমিকভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এই আলোচনার ভিত্তিতেই মূলত ইইউ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের সচিব মো. আখতারুজ্জামান আগে জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসতে পারে। তখন তারা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।