মুরাদনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে বাড়ির পাশের জমির পানিতে ডুবে ৩ বছরের এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত হোসেন কামারচর গ্রামের বজলু মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, প্রতিদিনের মতো ঘরের বাইরে খেলাধুলা করছিল সিফাত। হঠাৎ করে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখে বাড়ির পাশে থাকা জমির পানিতে পড়ে আছে সে। পরে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: সুচেতা ভট্টাচার্য জানান, শিশুটির স্বজনদের ভাষ্যমতে শিশুটি পানিতে পড়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পরে বাচ্চাটার পালস বিপি কিছুই পাওয়া যায়নি এবং তার হার্টবিটও পাওয়া যায়নি। হাসপাতালে নিয়ে আসার আগেই সিফাত মারা যায়।