ঘরের ছাদে মিলল কিশোরীর ঝুলন্ত মরদেহ

নীলফামারী সদরে অনামিকা রায় (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।  

নিহত অনামিকা রায় সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঢুলিয়া বাজার এলাকার শ্রী অরবিন্দু চন্দ্র রায়ের মেয়ে ও শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ঘটনার দিন মঙ্গলবার আনুমানিক ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে ঘরের ছাঁদের লোহার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অনামিকা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে ওসি এম আর সাঈদ বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে কেনো আত্মহত্যা করেছে তা জানা যায়নি।