বাগেরহাটে ৪ আসন বহাল রাখার দাবিতে কর্মসূচি ঘোষণা

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম

বাগেরহাটের চারটি সংসদীয় আসন অক্ষুণ্ণ রাখার দাবিতে টানা তিন দিনের কর্মসূচি দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর অংশ হিসেবে দুই দিনে মহাসড়ক অবরোধ ও এক দিনে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওসহ ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা এসেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি তুলে ধরেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম।

তিনি জানান, আগামী ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাগেরহাট-মাওয়া মহাসড়কের কাটাখালী থেকে নওয়াপাড়া পর্যন্ত সড়ক অবরোধ হবে। ২৪ আগস্ট রবিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি পয়েন্টে সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে—ফকিরহাট-কাটাখালী-নওয়াপাড়া (বাগেরহাট-মাওয়া মহাসড়ক), মোল্লাহাট-চিতলমারী সড়ক এবং বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া-সাইনবোর্ড অংশ। একই দিন জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অবরোধের পাশাপাশি ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিও পালিত হবে। এর পরদিন ২৫ আগস্ট ঢাকায় আবারও নির্বাচন কমিশন অভিমুখে মিছিল ও অবস্থান হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি ও অন্যান্য নেতারা।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চার আসনের মধ্যে রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত একটি আসন ভেঙে বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনের সঙ্গে যুক্ত করার প্রাথমিক খসড়া অনুমোদন দিয়েছে। ওই সিদ্ধান্তের পর থেকেই বিএনপি, জামায়াতসহ স্থানীয় রাজনৈতিক দলগুলো চার আসন পূর্ণ বহাল রাখার দাবিতে আন্দোলনে নেমেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত