বলিউডের বহুল আলোচিত ও জনপ্রিয় সিনেমা ‘গাদার: এক প্রেম কথা’। সানি দেওল ও আমিা প্যাটেল অভিনীত এই সিনেমাটি ২০০১ সালে বক্স অফিস কাঁপিয়েছিল। তারপর প্রায় দুই দশকের বেশি সময় পর ২০২৩ সালে একই জুটিকে নিয়ে নির্মিত হয় ‘গাদার-টু’। প্রথম কিস্তির মতো দ্বিতীয় পর্বেও দেশপ্রেমের আবেগ দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল।
নতুন খবর হলো, এবার নির্মিত হচ্ছে ‘গাদার-থি’। আর এই ছবিতেও প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। বিষয়টি নিয়ে এখন বলিউডে বেশ উত্তেজনা বিরাজ করছে। ‘গাদার-টু’ মুক্তির পর পরিচালক অনিল শর্মার সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন আমিশা। অভিনেত্রীর অভিযোগ, তাকে না জানিয়েই পরিবর্তন করা হয়েছে ছবির ক্লাইম্যাক্স। সে কারণে ক্ষোভপ্রকাশ করেছিলেন নায়িকা।
যদিও জবাবে অনিল জানান, ছবির প্রয়োজনে ওই দৃশ্যের পরিবর্তন প্রয়োজন ছিল। তার দাবি, আমিশাকে সমস্তটা জানানো হয়েছিল। এই ঘটনার পর পরিচালক ও অভিনেত্রীর মধ্যে সম্পর্কে ছেদ পড়ে। সম্প্রতি পরিচালক জানিয়েছেন, ‘গাদার-থ্রি’ আসছে। সেখানে কি ফিরবেন আমিশা? এই প্রশ্নের জবাবে পরিচালক জানিয়েছেন, ‘আমার ও আমিশার মধ্যে সব সমস্যা মিটে গেছে।’
যদিও এই ফ্র্যাঞ্চাইজিতে ফেরার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত চাপিয়েছেন আমিশা। তিনি জানিয়েছেন, তাকে না জানিয়ে যেন ছবিতে কোনো পরিবর্তন করা না হয়। পাশাপাশি তারা সিংয়ের (সানি দেওল অভিনীত চরিত্র) সঙ্গে তার কেমিস্ট্রি গল্পের কেন্দ্রে থাকতে হবে বলেও শর্ত দিয়েছেন তিনি। শর্ত মেনে নেওয়া না হলে, তিনি ‘শাকিনা’ হিসেবে পর্দায় নাও ফিরতে পারেন বলে জানিয়েছেন আমিশা।