আমিশার বাড়িতে চুরি,পরিচারিকা গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বাড়িতে চুরি। আমিশার চার্চগেটের ওই বাড়ি থেকে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের সোনা ও হীরার গয়না চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। অভিনেত্রীর তরফে থানায় অভিযোগ দায়েরের পরে এক পরিচারিকাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চুরি যাওয়া অলংকার উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, চার্চ গেটের বাড়িতে থাকতেন আমিশার মা আশা প্যাটেল। ওই বাড়িতে প্রায় দেড় বছর ধরে কাজ করছিলেন ৪০ বছর বয়সি সীমা ঘাটে। তিনি পালঘরের বাসিন্দা। অভিযোগ, ওই বাড়ি থেকেই একটি হিরে বসানো সোনার বালা খোয়া যায়। বালাটির আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর জানুয়ারি মাসে গয়নাটি চুরি হয়েছিল। ঘটনার পর থেকেই আমিশার মায়ের সন্দেহের তালিকায় ছিলেন ওই পরিচারিকা। গত কয়েক মাস ধরে তিনি নাকি সীমাকে গয়না ফেরত দেওয়ার জন্য বলছিলেন। সেই সঙ্গে চুরির কথা স্বীকার করতে অনুরোধ করেছিলেন। কিন্তু গয়নাটি ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে মেরিন ড্রাইভ থানার পুলিশ। 

গ্রেপ্তারের পরে অভিযুক্তকে আদালতে তোলা হলে তাকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চুরি যাওয়া গয়নাটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সেটি উদ্ধারের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আগে কোনো অপরাধের অভিযোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত