আসন্ন এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে বাংলাদেশ দলকে রাখা হয়েছে ‘পুল বি’তে। তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, শক্তিশালী মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহারের রাজগিরে বসবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। মঙ্গলবার অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে গ্রুপ ভাগাভাগি চূড়ান্ত হয়। এবারের আসরে মোট আটটি দল অংশ নেবে।
পুল এ: ভারত, জাপান, চীন ও কাজাখস্তান
পুল বি: দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও বাংলাদেশ
বাংলাদেশের এশিয়া কাপ শুরু করবে ২৯ আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। পরদিন (৩০ আগস্ট) তারা খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর প্রতিপক্ষ থাকবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সুপার ফোরে। ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সুপার ফোর পর্ব। আর ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও শ্রেণিবিন্যাস ম্যাচগুলো।
এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে ২০২৬ হকি বিশ্বকাপে যা অনুষ্ঠিত হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে।
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোর পর এশিয়ান হকি ফেডারেশন বাংলাদেশকে এশিয়া কাপে খেলার সুযোগ দেয়।