চার ম্যাচে দ্বিতীয় জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম

ডারউইনে টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে স্বাগতিক নর্দার্ন টেরিটোরিকে ২২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল বাংলাদেশ ‘এ’ দল। চার ম্যাচে এটি সোহানদের দ্বিতীয় জয়, ফলে পয়েন্ট দাঁড়াল ৪। আরো দুই ম্যাচ বাকি থাকায় শেষ চারে ওঠার পথ এখনো খোলা আছে সোহানদের সামনে।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল তুলেছিল ১৭২ রান। ইনিংসের শুরুতে নাইম শেখ (২১) ও জিসান আলম (২৫) জুটি গড়লেও কেউই বড় ইনিংসে রূপ দিতে পারেননি। মাঝের ব্যাটারদেরও কেউ অর্ধশতক পাননি। তবে অধিনায়ক নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ও ইয়াসির আলী রাব্বির ঝোড়ো ক্যামিও ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় অতিথিরা।

লক্ষ্য তাড়ায় ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নর্দার্ন টেরিটোরি। ইনিংসের দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন জেইক ওয়েদারল্যান্ড (৪)। আরেক ওপেনার ডি আর্সি শর্টও সুবিধা করতে পারেননি, ৭ রানে সোহানের হাতে ক্যাচ দেন তিনি। পরের ওভারে তোফায়েল আহমেদের বাউন্সারে ভুল শটে আউট হন স্যাম ইল্ডার।

প্রথম ধাক্কা সামলে কনোর ক্যারল ও জর্ডান সিল্ক মিলে গড়েন ৮৪ রানের জুটি। তবে রাকিবুল হাসানের ঘূর্ণিতে ভাঙে প্রতিরোধ। ৩০ বলে ৪৩ করা ক্যারলকে স্টাম্পিং করেন সোহান। হাফসেঞ্চুরির আগেই থামতে হয় সিল্ককেও (৪৮), রাকিবুলের বলে সুইপ করতে গিয়ে নাইম শেখের হাতে ধরা পড়েন তিনি।

শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে লক্ষ্যে পৌঁছানো হয়নি নর্দার্ন টেরিটোরির। তোফায়েল (২/২৬), হাসান মাহমুদ (২/২৩) ও রাকিবুলের (২/২২) কার্যকর বোলিংয়ে শেষ হাসি হেসেছে সোহানদের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত