কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়: ফের খুলে দেওয়া হচ্ছে জলকপাট

কাপ্তাই হ্রদে পানি আবারো বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের জলকপাট মঙ্গলবার রাত ১০টায় ছয় ইঞ্চি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান কেন্দ্রের ব্যবস্থাপক। 

পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, হঠাৎ করে গত কয়েকদিন ধরে কাপ্তাই হ্রদের তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মুহূর্তেই  হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় অর্থাৎ বিপদসীমার ওপর অতিক্রম করায় ফের দ্বিতীয়বারের মতো মঙ্গলবার রাত দশটায় বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি উচ্চতায় খুলে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।  

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.২৫ মিনস সি লেভেল(এমএসএল)। হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

এর আগে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদ সীমার ওপর অতিক্রম করায় গত ৫ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ( কপাবিকে) ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কয়েক দফায় সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত জলকপাট খুলে দেওয়া হয়। পানি বিপদসীমার নিচে চলে আসায় সাতদিন পর গত ১২ আগস্ট সকাল নয়টায় বন্ধ করে দেওয়া হয়েছিল কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট।