বিপিএল দুর্নীতি দমনে ফিক্সারদের জন্য কড়া হুঁশিয়ারি মার্শালের

বাংলাদেশে ক্রিকেট মানেই ভরপুর আবেগ ও জনপ্রিয়তা। কিন্তু এই খেলাটিই প্রায়শই কলঙ্কিত হয়েছে ফিক্সিংয়ের অভিযোগে। সর্বশেষ বিপিএল আসরেও ওঠে এসেছে নানা অনিয়মের অভিযোগ, যা নিয়ে এখনো তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্রিকেটকে আরও স্বচ্ছ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন পদক্ষেপ নিয়েছে।

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে এক বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। রবিবার রাতে ঢাকায় পৌঁছে সোমবারই (১৯ আগস্ট) তিনি দায়িত্ব নেন এবং বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুর্নীতি প্রতিরোধে নিজের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তিনি।

মার্শালের মতে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই দুর্নীতিবাজদের সবচেয়ে সহজ টার্গেট। তাই বিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টকে সুরক্ষিত করা এখন সময়ের দাবি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ক্রিকেটারদের সততা রক্ষা করা এবং সমর্থকদের সামনে নির্ভেজাল খেলা উপহার দেওয়াই মূল লক্ষ্য। দুর্নীতিবাজরা যেন কোনোভাবেই ছাড় না পায়, সেটাই নিশ্চিত করা হবে।”

তার পরিকল্পনায় থাকছে একটি শক্তিশালী নৈতিকতা বিভাগ (Ethics Unit) গঠন, যারা নিয়মিতভাবে খেলোয়াড় ও কর্মকর্তাদের শিক্ষিত করবে দুর্নীতির বিপদ সম্পর্কে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হবে দলের ভেতর এবং বাইরেও। তিনি বলেছেন, “আমরা এমন ব্যবস্থা নেব যাতে ফিক্সাররা বাংলাদেশ ক্রিকেটে জায়গা না পায়, বরং দেশছাড়া হতে বাধ্য হয়।”

এর আগে টানা সাত বছর আইসিসির দুর্নীতি দমন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্শাল। তাই ফিক্সারদের কার্যপদ্ধতি সম্পর্কে তার অভিজ্ঞতা বিশাল। তিনি জানেন, জুয়াড়িরা দুর্বল কাঠামোর লিগগুলোকেই লক্ষ্য করে। তাই বিপিএলকে আরও পেশাদারভাবে পরিচালনা ও সুরক্ষিত করার ওপর জোর দিচ্ছেন তিনি।