নিম্নচাপের প্রভাবে কয়েক দিন ধরে উত্তাল বঙ্গোপসাগর। থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এর কারণে মাছ না পেয়ে খালি হাতে ঘাটে ফিরছেন কুয়াকাটার আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরের জেলেরা।
জেলেরা জানিয়েছেন, মৌসুমী বায়ু ও নিম্নচাপের কারণে সাগরে টিকে থাকা কঠিন। ইলিশ মৌসুমের শুরুতেই ৫৮ দিনের মৎস্য নিষেধাজ্ঞা শেষ হলেও, বার বার বৈরী আবহাওয়ার কারণে পর্যাপ্ত ইলিশ ধরা যাচ্ছে না। ফলে হাজার হাজার জেলে হতাশায় পড়েছেন। কেউ কেউ পেশা পরিবর্তনের কথা ভাবছেন, আবার অনেকেই বাধ্য হয়ে এই পেশায় আছেন।
বিএফডিসি মার্কেট আলীপুরের ব্যবসায়ী কামাল হাওলাদার বলেন, “নিষেধাজ্ঞা শেষ হতেই বার বার নিম্নচাপ। প্রতিটি ট্রলার সাগরে পাঠাতে লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু ফিরে আসে ক্ষতির মুখে।”
এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি নুরু খা বলেন, “অবরোধ শেষ হতেই সমুদ্রের পরিস্থিতি খারাপ। দু-একদিন মাছ ধরার পরই আবার ঘাটে ফিরে আসি। গত দুদিন আগে ৬ লাখ ৩০ হাজার টাকা খরচ করে মাছ ধরতে গিয়ে মাত্র ১ লাখ ১৫ হাজার টাকার মাছ নিয়ে ফিরে এসেছি। এভাবে চললে পেশা চালানো সম্ভব হবে না।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বৈরী আবহাওয়ার কারণে ট্রলারগুলো সকাল থেকে ঘাটে ফিরছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবও এর জন্য দায়ী।”