এশিয়ান যুব গেমস ও এসএ গেমসকে সামনে রেখে কিরগিজস্তানের অভিজ্ঞ কোচ আকিকভ আবায়েভকে আগামীকাল বুধবার উড়িয়ে আনছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন। বুধবার রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। বিমানবন্দর থেকেই তাকে নিয়ে যাওয়া হবে রাজশাহী বিকেএসপিতে চলমান বক্সিংয়ের ক্যাম্পে।
আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবা) স্টার-১ লেভেল কোর্স করা কোচ আকিকভ আবায়েভকে মাসিক তিন লাখ টাকা বেতনে আনা হচ্ছে। বিদেশি কোচের বেতন দেওয়ার ক্ষেত্রে আর্থিক পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
এই কোচ আপাতত এসএ গেমস অবধি বাংলাদেশের বক্সারদের দীক্ষা দেবেন বলে জানান বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান, ‘আমরা গেমসে ছেলেদের ৯টি ও মেয়েদের ৬টি ইভেন্টে অংশ নিয়ে থাকি। ২৮ জন বক্সার নিয়ে ১ আগস্ট থেকে ক্যাম্প শুরু হয়েছে রাজশাহী বিকেএসপিতে। কোচকে তাই সরাসরি সেখানে পাঠিয়ে দেওয়া হবে। রাজশাহীতে বক্সার এবং কোচের আবাসনের ভালো ব্যবস্থা রয়েছে। আমাদের আশা এই কোচের অধীনে বক্সাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনবে।’
আগামী অক্টোবরে বাহরাইনে অনুষ্ঠিত হবে যুব এশিয়ান গেমস। আর এসএ গেমস পাকিস্তানের হওয়ার কথা রয়েছে আগামী বছর জানুয়ারিতে।