জয়ে আশা বাঁচিয়ে রাখল ‘এ’ দল

ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে স্বাগতিক নর্দার্ন টেরিটোরিকে ২২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। চার ম্যাচে এটি সোহানদের দ্বিতীয় জয়। আগে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল তোলে ৪ উইকেটে ১৭২ রান। জবাবে টেরিটোরি করে ৭ উইকেটে ১৫০। দুই জয়ে সোহানদের পয়েন্ট ৪, আরও দুই ম্যাচ বাকি থাকায় শেষ চারে ওঠার পথ এখনো খোলা আছে বাংলাদেশের সামনে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নর্দার্ন। দলীয় ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। ইনিংসের দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন জেইক ওয়েদারল্যান্ড (৪)। আরেক ওপেনার ডি আর্সি শর্টও সুবিধা করতে পারেননি, ৭ রানে সোহানের হাতে ক্যাচ দেন তিনি। পরের ওভারে তোফায়েল আহমেদের বাউন্সারে ভুল শটে আউট হন স্যাম ইল্ডার। সেই ধাক্কা সামলে কনোর ক্যারল ও জর্ডান সিল্ক মিলে গড়েন ৮৪ রানের জুটি। তবে রাকিবুল হাসানের ঘূর্ণিতে ভাঙে প্রতিরোধ। ৩০ বলে ৪৩ করা ক্যারলকে স্টাম্পিং করেন সোহান। ফিফটির আগে থামতে হয় সিল্ককেও (৪৮), রাকিবুলের বলে সুইপ করতে গিয়ে নাইম শেখের হাতে ধরা পড়েন তিনি। হাসান মাহমুদ, রাকিবুল ইসলাম ও তোফায়েল নেন দুটি করে উইকেট। তার আগে টস হেরে বাংলাদেশ ‘এ’ দল ওপেনিং জুটিতে তোলে ৫৫ রান। মোহাম্মদ নাঈম ৬ চারে ১১ বলে ২৫ করে ফিরলে জুটি ভাঙে। জিসান আলম ৩ চার ও ১ ছক্কায় ২৩ বলে করেন ৩০ রান। সাইফ হাসান ব্যাট হাতে ছিলেন ব্যর্থ (৩ রান)। দলীয় ৭৭ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ‘এ’ দল ১৩.২ ওভারে ১০০ রান ছোঁয়। পরে আফিফ হোসেনের অপরাজিত ৪১, নুরুল হাসান সোহানের ৫ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩৫ এবং ইয়াসির আলীর ১৩ বলে অপরাজিত ২২ রানে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়ক নুরুল হাসান সোহান হন ম্যাচসেরা।

বাংলাদেশ ‘এ’ দলের পরের ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার মেলবোর্ন স্টার্স একাডেমি দলের বিপক্ষে। ১১ দলের এই টুর্নামেন্টে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।