টু ক রো  খ ব র

বাংলাদেশের সামনে শুরুতেই স্বাগতিক ভুটান

দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক প্রায় সব আসরেই একাধিকবার শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। পারেনি কেবল অনূর্ধ্ব-১৭ বয়সভিত্তিক টুর্নামেন্টে। এই বয়স ক্যাটাগরিতে টুর্নামেন্ট হয়েছে স্রেফ একবার। ২০২৩ সালে ঢাকায় সেই আসরে স্বাগতিক বাংলাদেশকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল আমন্ত্রিত দল রাশিয়া। সেবারের আসরের যৌথ আয়োজক ছিল সাফ ও উয়েফা। এ কারণেই দক্ষিণ এশিয়ার বাইরের দল খেলতে এসেছিল। এবার অবশ্য সাফের চার দল নিয়ে আজ থেকে  ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শুরু হবে সাফ ওমেন্স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ।  দুবছর আগের আক্ষেপ ঘোচানোর অভিযানে বাংলাদেশ প্রথম দিনেই নামছে, প্রতিপক্ষ স্বাগতিক ভুটান।

সাম্প্রতিক সময়ে সিনিয়র থেকে শুরু করে বয়সভিত্তিক আসরগুলোতে ছুটছে বাংলাদেশের জয়রথ। তারা গত বছর টানা দ্বিতীয়বারের মতো জিতেছে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর তারা এশিয়ান কাপের মূল পর্বে নাম লিখিয়ে গোটা এশিয়াকে তাক লাগিয়ে দেয়। গত মাসে ঘরের মাঠে বাংলাদেশের মেয়েরা সাফ অনূর্ধ্ব-২০ আসরের শিরোপা ঘরে তোলে। এর পরপরই যুবারা এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই উতরে যায়। এই চারটি পরীক্ষায় সফলতার নেপথ্যে ছিলেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। আজ থেকে শুরু হতে যাওয়া  অনূর্ধ্ব-১৭ আসরে অবশ্য ডাগআউটে থাকছেন না তিনি। তবে তার নির্দেশনা ও দর্শন পুঁজি করে দলকে এগিয়ে নেবেন বাংলাদেশের দীর্ঘদিনের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। শিরোপার লক্ষ্য তো আছেই, তবে গুরু বাটলারের মতো লিটুও এই আসরকে দেখছেন মেয়েদের শেখার বড় মঞ্চ হিসেবে। এখানে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অপর দুই শক্তিশালী দল ভারত ও নেপাল খেলছে। তাই চ্যালেঞ্জটা সহজ নয় লিটুর জন্য, ‘আসলে এটা উন্নতির একটা জায়গা। শেখার একটা মঞ্চ। এখান থেকে মেয়েরা অনেক কিছু শিখবে। আমরা দীর্ঘ দেড় মাস ধরে অনুশীলন করছি। আমাদের প্রস্তুতি ভালো। মেয়েরা দিনের পর দিন উন্নতি করছে। আশা করি তারাও নিরাশ করবে না। ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করব।’

গতবারের ফাইনালিস্টদের গ্রুপে বাংলাদেশ

আগের দিন এসেছিল এশিয়া কাপ হকিতে খেলার সুযোগের সুসংবাদ। মঙ্গলবার হয়েছে আট দলের আসরের ড্র। বাংলাদেশ খেলবে পুল বি’-তে। যেখানে আরও আছে এশিয়া কাপের গত আসরের দুই ফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। এছাড়া এই পুলে আরও আছে এএইচএফ কাপের রানার্স-আপ চাইনিজ তাইপে। পুল এ’-তে আছে স্বাগতিক ভারত, জাপান, চীন ও কাজাখস্তান। ২৯ আগস্ট ভারতের বিহারে শুরু হবে এশিয়া কাপের ১২তম আসর।

এশিয়ান হকি ফেডারেশন গতকাল প্রকাশ করেছে সূচি। বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে শক্তিশালী ২০২২ এশিয়া কাপের রানার্স-আপ মালয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে। পরের দিন তাদের লড়তে হবে চাইনিজ তাইপের বিপক্ষে। আর ১ সেপ্টেম্বর পুলের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়া। প্রতি পুলের সেরা দুটি করে দল উঠে যাবে সেমিফাইনালে। বাকি দলগুলো খেলবে স্থান নির্ধারণী ম্যাচ। এই আসরে প্রায় প্রতিবারই বাংলাদেশ থাকে ষষ্ঠ অথবা সপ্তম স্থান।

কিরগিজ কোচে সাফল্যের আশা বক্সিংয়ে

এশিয়ান যুব গেমস ও এসএ গেমসকে সামনে রেখে কিরগিজস্তানের অভিজ্ঞ কোচ আকিকভ আবায়েভকে আজ উড়িয়ে আনছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন। আজ রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। বিমানবন্দর থেকেই তাকে নিয়ে যাওয়া হবে রাজশাহী বিকেএসপিতে চলমান বক্সিংয়ের ক্যাম্পে। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবা) স্টার-১ লেভেল কোর্স করা কোচ আকিকভ আবায়েভকে মাসিক তিন লাখ টাকা বেতনে আনা হচ্ছে। বিদেশি কোচের বেতন দেওয়ার ক্ষেত্রে আর্থিক পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

এই কোচ আপাতত এসএ গেমস অবধি বাংলাদেশের বক্সারদের দীক্ষা দেবেন বলে জানান বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান, ‘আমরা গেমসে ছেলেদের ৯টি ও মেয়েদের ৬টি ইভেন্টে অংশ নিয়ে থাকি। ২৮ জন বক্সার নিয়ে ১ আগস্ট থেকে ক্যাম্প শুরু হয়েছে রাজশাহী বিকেএসপিতে। কোচকে তাই সরাসরি সেখানে পাঠিয়ে দেওয়া হবে। রাজশাহীতে বক্সার এবং কোচের আবাসনের ভালো ব্যবস্থা রয়েছে। আমাদের আশা এই কোচের অধীনে বক্সাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনবে।’ আগামী অক্টোবরে বাহরাইনে অনুষ্ঠিত হবে যুব এশিয়ান গেমস। আর এসএ গেমস পাকিস্তানের হওয়ার কথা রয়েছে আগামী বছর জানুয়ারিতে।